গ্যাসের দ্বিতীয় ধাপের মূল্য বৃদ্ধি হাইকোর্টে স্থগিত

দুই ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) জারি করা গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপের কার্যকারিতা ছয় মাসের জন?্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ মর্মে রুল জারি করেছেন আদালত। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব’র (কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ ও রুল জারি করেন। বিইআরসির চেয়ারম্যান ও সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে।
গত ২৩শে ফেব্রুয়ারি দুই ধাপে গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিজ্ঞপ্তি দেয় বিইআরসি। গ্যাসের মূল্য বৃদ্ধির এই গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে রিট আবেদন করে ক্যাব। রিট আবেদনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের জারি করা গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। রিটের পক্ষে শুনানিতে অংশ নেন মো. সাইফুল আলম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। মো. সাইফুল আলম আদালতে উল্লেখ করেন, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৪’ অনুযায়ী বছরে একবারের বেশি গ্যাসের মূল্য বৃদ্ধির সুযোগ নেই। অথচ এই দফায় একবারেই দুই ধাপে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, গণশুনানির মাধ্যমে ৯০ দিন পর গ্যাসের মূল্য বৃদ্ধির কথা থাকলেও সেটি করা হয়নি। প্রসঙ্গত, আগামী ১লা মার্চ থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা মূল্য নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। দ্বিতীয় ধাপে ১লা জুন থেকে দুই চুলা ৯৫০ এবং এক চুলার জন্য ৯০০ টাকা গুনতে হবে গ্রাহককে। গ্যাসের দাম বৃদ্ধির এই সিদ্ধান্তের প্রতিবাদ এসেছে বিভিন্ন রাজনৈতিক দল ও ব?্যবসায়ী মহল থেকে। সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাম রাজনৈতিক দলগুলো গতকাল রাজধানীতে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন ও সারা দেশে বিক্ষোভ করেছে।
Share on Google Plus

0 comments: